নুরুন নিসা ফাউন্ডেশনের উদ্যোগে বিনামুল্যে চিকিৎসা সেবা।
মানবতা বেঁচে থাকে মানবের মাঝেই। সুতরাং যে ব্যক্তিকে মানবতার ডাক নাড়া দেয় না, তার নিজেকে মানুষ বলে পরিচয় দেয়ার অধিকার থাকে না। বিশ্ব মানবতার মুক্তির দিশারী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আল্লাহ সুবহানাহু তায়ালার একত্ববাদে বিশ্বাসের পরেই একজন মানুষের বিবেকের প্রধান দাবী হচ্ছে মানুষের প্রতি মমত্ববোধ (অর্থাৎ মানবতা)।”
তাই, এই বিশ্বমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেয়ার দৃঢ় প্রত্যয়ে নূরুন নিসা ফাউন্ডেশন প্রতিষ্ঠা লাভ করেছে। ইতোমধ্যে আমরা সফলতার সাথে অনেকগুলো মানবসেবামূলক কার্যক্রমের আনজাম দিতে পেরে অনেক আনন্দিত এবং অভিভূত হয়েছি। আমরা সাধারণ জনগনের ব্যাপক সাড়া পাচ্ছি। প্রথমদিকে অনেকের মিশ্র প্রতিক্রিয়া থাকার পরেও তারা যখন সরাসরি আমাদের সেবা গ্রহণ করেছেন বা কোনভাবে জড়িত হয়েছেন, তখন আমাদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে স্বীকার করেছেন, কোনপ্রকার জাগতিক লাভের উদ্দেশ্য ব্যতীত সম্পূর্ণভাবে মানবসেবায় নিয়োজিত এমন কোন সংগঠন তারা আগে দেখেন নি।
